ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচন শুধু বিলম্বিত নয়, বানচাল করার যড়যন্ত্র চলছে। একটি মহল ফাঁদে ফেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিতসভায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২২ গ্রামের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলসহ অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামাইয়ের ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
তারেক রহমান ঘোষিত আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।
ধামরাই উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্ব ও দেওয়ান সাইদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, সাইফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।