ভোলার দৌলতখানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহামেদ প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত আলাউদ্দিন, জহির উদ্দিন বাবর ও লোকমানকে আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও ডাকাত দমনের পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাত দমনে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।