সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার ৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগকর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানম-ি এলাকায় অভিযান চালিয়ে মো. আবেদ আলী শেখকে এবং একই দিন রাত ৯টার দিকে বাংলা মোটর থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক টিম। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বনানী থেকে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।