নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ

নারীবিষয়ক সংস্কার কমিশনকে ‘ধর্মবিদ্বেষী ও ইসলামবিরোধী’ আখ্যায়িত করে অবিলম্বে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

 খেলাফত  মজলিসের মহাসচিব বলেন, ‘কিছু উচ্ছিষ্টভোগী নাস্তিক ও পশ্চিমা দালালদের দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা। নারীর অধিকার নিশ্চিত করার নামে তারা আসলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভিন্ন পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে সব ধর্মের নারীর জন্য এক আইন চালুর প্রস্তাব সরাসরি কোরআন-সুন্নাহর পরিপন্থী এবং মুসলমানদের বিশ্বাসের ওপর নগ্ন আঘাত। এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

ড. কাদের আরও বলেন, ‘এই দেশে ৯০ শতাংশের বেশি মানুষ মুসলমান। তাদের ধর্মীয় অনুভূতির প্রতি কোনো প্রকার শ্রদ্ধা না রেখেই কমিশন যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে।’