ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম শুরু মহয়েছে। ১৬ বছর পর শুক্রবার সকাল থেকে পৌরসভার সড়ক বাজারে এই দাওয়াতি কার্যক্রম ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
কার্যক্রম সফল করতে সকালে সড়ক বাজার জামে মসজিদের সামনে দুটি বুথ বসিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা দাওয়াতি কার্যক্রম শুরু করেন। একজন মাইক হাতে অন্যরা সবার মধ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জামায়াতে যোগদানের আহ্বান জানান। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাজারের ব্যবসায়ী ও পথচারীদের জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের আহ্বান জানানো হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলাসীর সেক্রেটারি আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাড. জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোরশেদ আলম ও জামায়াত নেতা আব্দুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
আখাউড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন খান জানান, ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও বাধার কারণে জামায়াতের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যায়নি। তবে গোপনে ও কৌশলে তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যহত ছিল।
তিনি আরো জানান, এবার সহযোগী সদস্য সংগ্রহণের কার্যক্রম চলছে অত্যন্ত উৎসাহ উদ্দীপনায়। এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলেও তিনি জানান।