কোপা দেল রে ফাইনালের রেফারি বদল চায় রিয়াল

স্প্যানিশ ফুটবলে রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের দূরত্ব নতুন কিছু নয়। তবে আজ রাতে সেভিয়ায় বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালকে ঘিরে সেই বিরোধ যেন রীতিমতো রূপ নিয়েছে ‘যুদ্ধের’। উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরেই, যার রেশ পড়েছে অনুশীলন ও সংবাদ সম্মেলনেও।

ঘটনার সূত্রপাত ম্যাচ অফিশিয়াল তালিকা প্রকাশ নিয়ে। ফাইনালের জন্য মূল রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পাবলো গঞ্জালেস। এই দুই রেফারির পূর্ববর্তী কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ মনে করে, তারা দলটির বিপক্ষে পক্ষপাত করেছেন।

এরপর রিয়ালের নিজস্ব চ্যানেল আরএমটিভি-তে রেফারিদের বিরুদ্ধে প্রচারণামূলক অনুষ্ঠান প্রচারিত হলে ক্ষোভে ফেটে পড়েন বেনগোচিয়া ও গঞ্জালেস। সংবাদ সম্মেলনে তারা জানান, এসব প্রচারণায় শুধু তাদের পেশাগত সুনাম নয়, ব্যক্তিজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চোখের জলে বেনগোচিয়ার কথা, ‘যখন আমার ছেলে স্কুলে গিয়ে শুনে তার বাবা একজন “চোর”, তখন সেটা কেমন লাগে ভাবতে পারেন? এমন কিছু বলা হয় যা শুধু আমার নয়, পুরো পরিবারের ওপর আঘাত করে।’

ভিএআর রেফারি গঞ্জালেসও রেগে গিয়ে জানান, রেফারিরা আর চুপ থাকবে না। ‘আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা জানতে পারবেন, আমরা ইতিহাস গড়তে যাচ্ছি।’

রিয়ালের পাল্টা দাবি—এই সংবাদ সম্মেলন ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রিয়াল আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, যেন দুই রেফারিকে বদলে দেওয়া হয়। তবে ফেডারেশন সেই দাবি নাকচ করে দেয়। সভাপতি রাফায়েল লুজান সাফ জানিয়ে দেন, ‘রেফারিদের দায়িত্ব কারা দেবেন, সেটা নির্ধারণ করবেন টেকনিক্যাল কমিটি।’

বিতর্ক যখন চরমে, তখন মাঠে অনুশীলন বা সংবাদ সম্মেলন—দুটিই থেকে বিরত থাকে রিয়াল। কার্লো আনচেলত্তি ও লুকা মদরিচের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও তাঁরা যাননি। এমনকি এমবাপ্পে, ভিনিসিয়ুসরাও নির্ধারিত অনুশীলনে নামেননি।

সবশেষে রিয়ালের ম্যাচ বয়কটের গুঞ্জনও শোনা যাচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। তবে শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়ে দেয়, তারা ম্যাচে অংশ নিচ্ছে। ‘আমাদের দল কখনোই ফাইনাল থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করেনি।’

তীব্র উত্তেজনার আবহে আজ বাংলাদেশ সময় রাত ২টায় সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে শুরু হবে মর্যাদার লড়াই—কোপা দেল রে ফাইনাল, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে।