রাজধানীবাসীর জন্য গরম নিয়ে স্বস্তির খবর নেই

কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র গরম। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজও তীব্র গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশে শনিবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক। ফলে গরমের তীব্রতা থেকে রাজধানীবাসীর স্বস্তি মিলবে না।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ থাকবে পরিষ্কার। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, চলমান তাপপ্রবাহ ঢাকাসহ সারাদেশে আগামীকালও বিরাজ করবে তবে সোমবার থেকে তা কমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশেই।