মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. মফিজুল ইসলাম নামের এক বাবা ছেলেকে মাদক সেবন থেকে ফেরাতে ব্যর্থ হয়ে তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। মফিজুল ইসলাম উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম নোটারি পাবলিক, কুমিল্লা কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে ছেলে নাঈম সরকারের (১৯) সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণাপত্র সূত্রে জানা যায়, নাঈম সরকার একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মদ, গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্য গ্রহণ করে সে মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করাসহ অনৈতিক কার্যকলাপে জড়িত। এমনকি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এমন কিছু কার্যকলাপে লিপ্ত যা পরিবার ও সমাজের জন্য লজ্জাজনক। তাই পরিবারের মান-মর্যাদা বিবেচনা করে ছেলের সঙ্গে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, স্থাবর, অস্থাবর সম্পত্তি থেকে অধিকার ছিন্ন করাড় ঘোষণা দিয়েছেন বাবা।

এ বিষয়ে মফিজুল ইসলাম বলেন, আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।

এদিকে এমন ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পিতার এমন সিদ্ধান্তকে সাহসী বললেও অনেকেই বিষয়টি গভীর দুঃখ ও হতাশার সঙ্গে গ্রহণ করেছেন।