পীরগঞ্জে মাদকাসক্ত যুবকের কুড়ালের কোপে শিশুর মৃত্যু

রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত যুবকের কুড়ালের কোপে এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম বেলাল হোসেন (১২)। সে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বেলাল বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া বেলালের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এক পর্যায়ে বেলালও বিটুলের সঙ্গে তর্কে জড়ালে বিটুল ক্ষিপ্ত হন। এ সময় তার সঙ্গে থাকা কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ দেন। এ দৃশ্য দেখে তার সঙ্গে থাকা অপর দুই শিশু চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে শিশুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বিটুল পালিয়ে যান। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় বেলালকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর বিশেষ অভিযানে বিটুলের নানা বাড়ির ৫ জনকে গ্রেপ্তার করে। পরে কুমিদপুর ইউনিয়নের রসুলপুর বাজার এলাকা থেকে বিটুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথমে বিটুলের নানি ও মামাসহ ৫ জনকে গ্রেপ্তার করি। গভীর রাতে বিশেষ অভিযানে বিটুলকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্যনুযায়ী খুনের কাজে ব্যবহার করা কুড়াল উদ্ধার করি।

তিনি আরও জানান, এর আগের হত্যা মামলায় এই আসামি জামিনে ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।