টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে প্রায় ছিটকেই গেছে প্লে-অফের লড়াই থেকে। ৯ ম্যাচে ৭ হার—এর মধ্যে ঘরের মাঠ চিপকেই চারবার হার—দলের করুণ অবস্থার অন্যতম কারণ হিসেবে মেগা নিলামের ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করে নিলেন কোচ স্টিফেন ফ্লেমিং।
শুক্রবার রাতে নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫ উইকেটে বিধ্বস্ত হয় মহেন্দ্র সিং ধোনির দল। খাতায়-কলমে সুযোগ বেঁচে থাকলেও বাস্তবে প্লে-অফের আশা প্রায় শেষ চেন্নাইয়ের। দশ দলের পয়েন্ট টেবিলে এখন তারা তলানিতে।
চেন্নাইয়ের এই বিপর্যয়ের পেছনে অনেকেই ইঙ্গিত করছিলেন গত বছরের নভেম্বরে হওয়া মেগা নিলামের দিকে। এবার সেই সমালোচনার রেশ টেনেই ফ্লেমিংও মেনে নিলেন ভুলের কথা। জেদ্দায় অনুষ্ঠিত নিলামে ২০ জন খেলোয়াড় কিনেছিল চেন্নাই, তবে কন্ডিশন বিবেচনায় কিংবা দলের চাহিদা অনুযায়ী সঠিক সমন্বয় গড়তে ব্যর্থ হয়েছিল তারা। টপ অর্ডারে বিদেশি কোনো বড় ব্যাটারের অনুপস্থিতি, দেশি খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতার ঘাটতি—সব মিলিয়ে নিলামের সিদ্ধান্তগুলো আজ বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবারের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ বলেন, 'আমাদের পারফরম্যান্সের মানদণ্ডে আমরা পুরোপুরি ঠিক আছি বলা যাবে না। কুড়ি ওভারের ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে, তাতে আমরা হয়তো ঠিকমতো তাল মেলাতে পারিনি।'
এরপরই সরাসরি নিলামের প্রসঙ্গ টেনে ফ্লেমিং স্বীকার করেন, 'নিলামে অন্য দলগুলো আমাদের চেয়ে ভালো করেছে। নিলামের উদ্দেশ্যই তো তাই—ভালো দল গড়া। আমরা আমাদের সেরা চেষ্টাটা করেছি, কিন্তু সফল হইনি। এখন দায় নিতে হবে ওপরে থেকে নিচ পর্যন্ত, একইসঙ্গে খেলোয়াড়দের কাছ থেকেও আরও বেশি প্রত্যাশা করতে হবে।'
এক সময়ের অপ্রতিরোধ্য চেন্নাই, বিশেষ করে ঘরের মাঠ চিপকে, এখন পরপর হারের বৃত্তেই বন্দি। অথচ এই দলই আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সর্বোচ্চ পাঁচটি শিরোপা ভাগাভাগি করে। জয়ের সংখ্যায়ও তাদের অবস্থান শীর্ষের দিকে।
নিলামে অতীতে দক্ষতার পরিচয় দেওয়া চেন্নাই এবার কেন পিছিয়ে পড়লো, সেই প্রশ্নের জবাবে ফ্লেমিং বললেন, 'নিলাম কোনো নির্ভুল বিজ্ঞান নয়। এটা অনেকটা ২৫টি বাড়ি কেনার মতো; শেষপর্যন্ত আপনি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তবুও আমি মনে করি, আমাদের হাতে এখনো একটি ভালো দল আছে। আমরা খুব বেশি দূরে নেই।'
তবে এই আসরে সেই 'দূরত্ব' ঘোচানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চেন্নাই সমর্থকদের এখন চেয়ে থাকা পরের মৌসুমের দিকেই—সেখানে হয়তো নিজেদের ভুল শুধরে পুরনো দাপট নিয়ে ফিরবে তাদের প্রিয় দল।