ডিপিএল শিরোপার পথে আরেক ধাপ এগোলো আবাহনী

একঝাঁক প্রতিভাবান নিয়ে গড়া দল লিজেন্ডস অব রূপগঞ্জ। একাদশ ঘাটলে দুয়েকজন ছাড়া প্রত্যেকেই ঘুরে এসেছেন জাতীয় দলের ড্রেসিংরুম থেকে। তারপরও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরজুড়ে ক্লাবটি এই সফল কি এই ব্যর্থ। আগের রাউন্ডে তিনশ পেরোনো দলটি আজ টেবিল টপার আবাহনীর সামনে করলো আত্মসমর্পণ। লিজেন্ডসের দেওয়া ২২৬ রানের মামুলি লক্ষ্য পেরোতে আবাহনীর খেলতে হয়েছে মাত্র ৩৭.৩ ওভার, উইকেট খুঁইয়েছে ৩টি। ৭ উইকেটের জয়ে টানা শিরোপা উল্লাসে মাতার ক্ষণও প্রস্তুত করে রেখেছে ধানমণ্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।

বিকেএসপির চার নম্বর মাঠে মোসাদ্দেক হোসেন সৈকতের চারটির সঙ্গে আরেক স্পিনার রাকিবুল হাসানের তিন শিকারের বিষে নীল হয়েছেন লিজেন্ডসের ব্যাটসম্যানরা। চল্লিশের ঘরে রান করেছেন দুজন- মেহেদী মারুফ ও চৌধুরী রিজওয়ান। ত্রিশের ঘরেও দুজন। আকবর আলীর সঙ্গে দ্বিতীয় নাম পেসার শরিফুল ইসলামের। না হলে দুশোই পেরোতে পারতো না লিজেন্ডস।

সহজ লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমন ও জিসান আলমের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে আবাহনী। ২০ বলে ঝড়ো ৩২ রান করে শাহরিয়ার কমল ফিরলেও ফিফটি তুলে নেন পারভেজ ইমন ও জিশান আলম। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ১১৩ রান। ইমন ৭৩ ও জিশান ৬৩ রানে থামেন। কুড়ির ঘরে রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মেহরব হাসান ও মোহাম্মদ মিঠুন। ১৩ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই শিরোপা ঘরে তুলবে আবাহনী।

পাশের মাঠে ইমরানুজ্জামানের ১২৩ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সুপার লিগে ধুঁকতে থাকা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া তাইবুর রহমান ৬০ ও প্রীতম কুমার ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। অতো বড় লক্ষ্য দেখেই বোধহয় ঘাবড়ে যায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। গুটিয়ে যায় ২০৩ রানেই। ফলে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছে অগ্রণী ব্যাংক।