রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা কোর্টবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুম (২৫) ও তার স্ত্রী ইতি খাতুন (১৯)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী জানান, উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। এসময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন ইতি খাতুন এবং গুরুতর আহত হন মাসুম।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।