বইয়ের সমালোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, যারা সমালোচনা লিখবেন, তারা অবশ্যই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লিখবেন। কিন্তু লিখতে গিয়ে যেন অন্যের মতামতকেও বিবেচনায় রাখেন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতায় নির্ধারিত ছিল বরেণ্য কথাসাহিত্যিক ও গবেষক আবদুর রউফ চৌধুরীর ‘রবীন্দ্রনাথ: চির-নূতনরে দিল ডাক’, ও ‘নজরুল : সৃজনের অন্দরমহল’ নামের দুটো বই।
অধ্যাপক আবুল কাসেম বলেন, এই ভাষায় বিদ্যাসাগর লিখেছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র লিখেছেন, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী লিখেছেন। তাদেরই উত্তরাধিকারী আমরা। এই অবস্থা থেকে আমরা নিচে নেমে গেছি। আমাদের উপরে উঠতে হবে।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, এখন যদি একটি সার্ভে হয় যে রবীন্দ্রনাথ-নজরুলের বই পড়েছি কি না? প্রতি একশো জনে একজন পাওয়া যাবে। যদি বলি টলস্টয় পড়েছি কি না? হয়তো এক হাজার জনে একজন পাওয়া যাবে। তরুণদের কথা বাদই দিলাম, আমি বয়স্কদের সঙ্গে আলাপ করে দেখেছি এই সময়ে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, ইট-বালু-সিমেন্ট-কাঠ। এখানে বই, সিনেমা, গান, ছবির প্রদর্শনী কী হচ্ছে এসব নিয়ে কনসার্ন নেই।
বই সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, সাংবাদিক, গবেষক ড. কাজল রশীদ শাহীন প্রমুখ।
রিভিউয়ে অংশ নেয়া সেরা দশজন বিজয়ীর হাতে প্রায় ৬০ হাজার টাকার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার দুটি ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এছাড়াও নির্বাচিত সেরা ৪ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। নগদ অর্থমূল্যের সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে সমমূল্যের বই ও উত্তরীয় প্রদান করা হয়।