কানাডায় জনসমাগমে গাড়ি ঢুকে নিহত ৯, শোকাহত রাজা চার্লস

কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছে পুলিশ। ভ্যাঙ্কুভারের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রাতে লাপু লাপু উৎসবে ভিড়ের মধ্যে এক ব্যক্তির গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত করতে পারছি।

পুলিশ এই বিবৃতিতে সমবেদনা জ্ঞাপন করে বলেছে, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা। ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ও একটি গাড়ি জড়িত। ৩০ বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তি ভ্যাঙ্কুভারে বসবাস করেন।

তবে পুলিশ জানিয়েছে, এটি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে তারা নিশ্চিত। এছাড়া হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে ৮টার দিকে ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে অংশ নেওয়া জনসমাগমে একটি এসইউভি গাড়ি ঢুকে পড়ে একাধিক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে।

এদিকে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনাকে ‘ভয়ানক আক্রমণ’ উল্লেখ করে ‘গভীরভাবে ব্যথিত’ বলে সমবেদনা জানিয়েছেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা।

রাজ পরিবারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’এর অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে,  এই বেপরোয়া ট্র্যাজেডিতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য আমাদের প্রার্থনা এবং কানাডার অনেক মানুষের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়ে আমাদের গভীর সহানুভূতি জানাই।