ব্যাগের সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যায় নারীকেও

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকালে ব্যাগের সঙ্গে এক নারীকেও টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। গত শনিবার সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে। চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ওই নারীর ভ্যানিটি ব্যাগটি টান দেন। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা।

গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যেই এ ঘটনা ঘটে। ভিডিওতে আরও দেখা যায়, ওই নারীর সঙ্গে থাকা ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়।

এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ না করলেও পুলিশ তদন্ত করছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী কোনো অভিযোগ না করলেও ফেসবুকের একটি ভিডিও আমাদের নজর আসে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে থানা-পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে।