চাকরিপ্রত্যাশীদের লাগাতার আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ৮ মে থেকে পরীক্ষাটি নেওয়ার কথা ছিল এবং এর সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছিল।
গতকাল রবিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে পিএসসির একজন প্রতিনিধি পরীক্ষার স্থগিতাদেশের ঘোষণা দেন।
এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। তাদের এ অবরোধের কারণে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
অন্যদিকে, পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনশনে থাকা শিক্ষার্থীরা দীর্ঘ ৮০ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় অনশন ভাঙার বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।