৩৫ বছর পর লিভারপুলের ঐতিহাসিক দিন

লিভারপুল! দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা। ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর শিরোপা জিতেছিল লিভারপুল। তবে করোনার কারণে দর্শকহীন মাঠে তারা শিরোপা উৎসব করেছিল। তারপর আর শিরোপা জেতেনি। ৫ বছর পর আবার জিতল তারা প্রিমিয়ার লিগের শিরোপা। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অ্যানফিল্ডের কপের কোণে লাল-সাদা ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় ৬:২৪ ছুঁয়ে গেল, তখনই লেখা হলো ইতিহাস।

টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে, লিভারপুল নিশ্চিত করল নিজেদের প্রিমিয়ার লিগ শিরোপা। একই সঙ্গে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের ২০টি লিগ শিরোপার রেকর্ডেও ভাগ বসালো।

লাল ধোঁয়ার আবরণ, সালফার আর কর্ডাইটের গন্ধে ভারী হয়ে থাকা বাতাসে অ্যানফিল্ড রোডের পরিবেশ জানান দিচ্ছিল—এ দিন শুধু একটি ম্যাচ জয়ের নয়, বরং গর্বের এক অধ্যায় রচনার দিন। স্টেডিয়ামের চারপাশে উড়ছিল ব্যানার আর স্কার্ফ, যার প্রত্যেকটি যেন উচ্চারণ করছিল, "ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।"

স্মৃতির পাতায় ফিরে দেখা

১৯৯০ সালের ২৮ এপ্রিল, কিংবদন্তি স্যার কেনি ডালগ্লিশের হাত ধরে শেষবার অ্যানফিল্ডে শিরোপা উৎসব হয়েছিল। এরপর ২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের দল লিগ জিতলেও, কোভিডের কারণে উদযাপন হয়েছিল নির্জন পরিবেশে।

সেই অতৃপ্তির ক্ষত মুছিয়ে এবার পূর্ণমাত্রায় ফিরে এলো আনন্দের বাঁধভাঙা জোয়ার। ম্যাচের শুরু থেকেই উত্তেজনায় টইটুম্বুর ছিল গোটা অ্যানফিল্ড। শেষ বাঁশিতে বিস্ফোরিত হলো বাঁধভাঙা আবেগ—আকাশ ভরিয়ে উঠলো আতশবাজিতে, স্টেডিয়াম ঢেকে গেল লাল ধোঁয়ার চাদরে।

স্লটের নিখুঁত ম্যাজিকে নতুন ইতিহাস

প্রাক্তন কোচ ইয়ুর্গেন ক্লপের বিদায়ের ৩৪৩ দিন পর, ডাচ কোচ আর্নে স্লট যেন অকল্পনীয় কাজটি করে দেখালেন। নীরবে, ধীরে, নিজের কৌশল আর পরিশ্রমে তিনি গড়ে তুললেন নতুন এক লিভারপুল, যারা মাঠে যেমন আগ্রাসী, তেমনি পরিণত।

ম্যাচ শেষে অধিনায়ক ভার্জিল ফন ডাইক অকপটে স্বীকার করেন, "বাইরের কেউ ভাবতেও পারেনি আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু স্লট আমাদের বিশ্বাস করিয়েছেন।"

কপের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠা মুহাম্মদ সালাহ তাঁর গোলের পর তুললেন জীবনের সেরা সেলফি—পেছনে ছিল পুরো কপের উল্লাসিত ঢেউ।

অ্যানফিল্ডে মিলনমেলা

দিনের শুরু থেকেই অ্যানফিল্ডের চারপাশে লাল সমুদ্রের ঢেউ। হাজার হাজার সমর্থক সকাল থেকেই জড়ো হয়েছিলেন প্রিয় ক্লাবের মাহেন্দ্রক্ষণে সঙ্গী হতে।

টিকিটের দাম ছুঁয়েছিল ৩ হাজার পাউন্ড পর্যন্ত। লিভারপুলের মালিক জন ডব্লিউ হেনরি স্বয়ং উপস্থিত ছিলেন গ্যালারিতে।

"সবাই একসঙ্গে থাকা, এই মুহূর্তটা ভাগ করে নেওয়া—এটাই আসল অনুভূতি," বলেন অনুরাগী অ্যাবিগাইল রাডকিন।

ইতিহাসের পাতায় স্লটের নাম

ম্যাচ শেষে যখন চার মিনিট অতিরিক্ত সময়ের বোর্ড উঠল, তখন স্লট প্রথমবারের মতো হাত নেড়ে অভিবাদন জানান সমর্থকদের। এরপর যখন শিরোপা উৎসব শুরু হলো, স্লট নিজেও গায়ে লাল জার্সি চাপিয়ে ক্লপের বিখ্যাত 'ফিস্ট পাম্প' দিয়ে মাতিয়ে দিলেন কপ।

"এই মুহূর্ত থেকে আমি এই মহান ক্লাবের ইতিহাসের অংশ। কী বলবো, অবিশ্বাস্য অনুভূতি!"—জয়োৎসবের আবেগমাখা কণ্ঠে বললেন লিভারপুলের নতুন রূপকার।

এদিন শুধু একটি ট্রফি জয় নয়, অ্যানফিল্ড ফিরে পেল তার হারানো গর্ব, ফিরে পেল নিজেদের হারানো চেতনা। ইতিহাসের পাতায় লাল কালি দিয়ে লেখা হলো নতুন অধ্যায়—লিভারপুল, ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।