৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যানফিল্ডে আবার উৎসবের ঝলক। টটেনহটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের মুকুট ছিনিয়ে নিল লিভারপুল। আর এই সাফল্যের স্থপতি নতুন ডাচ কোচ আর্নে স্লট, যিনি প্রথম মৌসুমেই রেডদের শিরোপা এনে দিলেন। ম্যাচ শেষেই সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন স্লট।
ম্যাচ শেষে এলএফসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্লট বলেন, "এই মুহূর্তে কিছু বলার ভাষা নেই। আমি শুধু ক্লপকে ধন্যবাদ জানাতে চাই।"
অ্যানফিল্ডের ঐতিহাসিক এই দিনে স্লট ক্লপের বিদায়ের সময়ের সেই বিখ্যাত গান গেয়ে কৃতজ্ঞতা জানান, যেখানে নিজের নামের পরিবর্তে 'ইয়ুর্গেন ক্লপ' গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে বিবিসি'র ম্যাচ অব দ্য ডেতে স্লট জানান, "আমি নিশ্চিত, এখনই ফোন তুললে ক্লপের শুভেচ্ছাবার্তা পাবো। পুরো মৌসুমজুড়ে আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। তিনি যে অসাধারণ মানুষ, সেটা আগেই প্রমাণ করেছেন। তবে সবচেয়ে বড় কথা, তিনি এমন একটি দল রেখে গিয়েছিলেন, যারা আজ এই শিরোপা জিতেছে।"
প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই শিরোপা, সেটাও আবার এমন প্রতিযোগিতামূলক লড়াইয়ের ভেতর দিয়ে— স্লট নিজেও হয়তো ভাবেননি। তিনি বলেন, "মৌসুম শুরুর আগে টপ ফোর পেলেই আমরা খুশি থাকতাম। তবে ছেলেরা প্রমাণ করেছে, তারা তার চেয়েও অনেক বড় কিছু করার যোগ্য।"
ম্যাচের শুরুতে ডমিনিক সোলাঙ্কে টটেনহ্যামের হয়ে গোল করে লিভারপুলকে চমকে দিলেও স্লটের মনে কোনো সন্দেহ ছিল না। "বাস থেকে নামার মুহূর্তেই মনে হচ্ছিল, আজ আমরা হারবো না। ১-০ পিছিয়ে থেকেও আমরা সমর্থকদের অদম্য সমর্থন অনুভব করেছি।"
লিভারপুলের সমর্থকরাও এবার প্রাপ্য আনন্দটুকু পুরোপুরি উপভোগ করলেন। ২০২০ সালে শিরোপা জিতলেও করোনাভাইরাসের কারণে মাঠে কোনো দর্শক ছিলেন না। এবার তাই সেই অপূর্ণতা ঘুচলো।
মোহামেদ সালাহ বলেন, "এই অনুভূতির কোনো তুলনা হয় না। লকডাউনের সময়কার শিরোপা ছিল আলাদা, কিন্তু আজ অ্যানফিল্ডে হাজার হাজার সমর্থকের সামনে জয়... এটা ১০০ ভাগ বেশি বিশেষ।"
অধিনায়ক ভার্জিল ফন ডাইকও নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি। তিনি বলেন, "এটা বিশ্বের সবচেয়ে সুন্দর ক্লাব। আমরা এটার প্রাপ্য ছিলাম। এখন কয়েক সপ্তাহ ধরে আনন্দ উপভোগ করবো।"
স্কটিশ তারকা অ্যান্ডি রবার্টসনও নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "২০২০ সালের জয় ছিল অদ্ভুত এক সময়। এবারকার অনুভূতি তার চেয়েও অনেক বেশি বিশেষ। অ্যানফিল্ডে সমর্থকদের সামনে শিরোপা জেতার আনন্দের সঙ্গে কিছুই তুলনা চলে না।"
বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, "বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগ জয়— এটা স্বপ্নের মতো। তবে আমি শুধু দলের এক অংশ। দলগত প্রচেষ্টায়ই এই সাফল্য এসেছে।"
মৌসুমে ২৮ গোল ও ১৮ অ্যাসিস্ট করা সালাহ নিজের পারফরম্যান্স নিয়েও গর্বিত। তিনি বলেন, "এবারের শিরোপা আমার জন্য আরও বিশেষ। নতুন ম্যানেজার, নতুন দল— এই চ্যালেঞ্জের মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছি।"
ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আশাবাদী সালাহ। নতুন করে দুই বছরের চুক্তি করা এই তারকা বলেন, "পরের মৌসুম আরও কঠিন হবে। তবে আমি নিশ্চিত, আমরা আবারও লড়াই করবো।"
অন্যদিকে কোচ স্লটও আত্মবিশ্বাসী, "শিরোপা ধরে রাখার চেষ্টা অবশ্যই করবো। তবে আপাতত আমরা এখনকার মুহূর্তটা উপভোগ করবো।"
লিভারপুল— আবারো ইংল্যান্ডের সেরা। আর নতুন ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়ে অনন্য এক গল্পের জন্ম দিলেন আর্নে স্লট ও তার রেড বাহিনী।