এফএ কাপের ফাইনাল নিশ্চিত করলেও মৌসুমের ব্যর্থতা ঢাকার সুযোগ নেই—সাফ জানিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে সিটি। শনিবার, ১৭ মে, ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।
রিকো লুইস ও ইয়োশকো গার্দিওলের গোলে সহজ জয় পেয়েছে সিটি। তবে, লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগের শিরোপা হারানো এবং ইউরোপের মঞ্চে আগেভাগে ছিটকে যাওয়া মৌসুমটিকে গার্দিওলা মনে করছেন 'ভালো' নয়। তাঁর কথায়, 'আমরা হাজার মিলিয়ন পয়েন্ট পিছিয়ে আছি লিভারপুলের চেয়ে। মৌসুম সফল হয় প্রিমিয়ার লিগের মাধ্যমে। এ বছর সেটা হয়নি।'
এফএ কাপ জয় এবং শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলেও সেটাকে মৌসুমের ব্যর্থতা ঢাকার অজুহাত হিসেবে দেখতে নারাজ স্প্যানিয়ার্ড কোচ। গার্দিওলার ভাষায়, 'যদি আমরা এফএ কাপ জিতি, তাহলেও মৌসুম ভালো হয়েছে বলে বিভ্রান্ত হওয়া চলবে না। ক্লাবের উচিত সঠিক সিদ্ধান্ত নিয়ে পরবর্তী মৌসুমে উন্নতি নিশ্চিত করা।'
দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলো ছড়িয়েছেন ২০ বছর বয়সি মিডফিল্ডার রিকো লুইসও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী লুইস বলেন, 'শুরুটা ভালো ছিল না আমাদের। কিন্তু এখন আমরা গতি ফিরিয়ে এনেছি। সামনে ট্রফি জয়ের সুযোগ আছে, পাশাপাশি শীর্ষ চারে থেকে পরবর্তী মৌসুমে এগিয়ে যেতে চাই।'
মৌসুমের শুরুতে ১৩ ম্যাচ অপরাজিত থাকা সিটি এরপর টানা ১৩ ম্যাচে মাত্র একবার জিতেছিল। ডিসেম্বরের শেষে সপ্তম স্থানে নেমে গেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দে ফিরেছে তারা। গত সাত ম্যাচে ছয়টিতে জয় এসেছে, যার মধ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় জয় বিশেষভাবে উল্লেখযোগ্য।
তবে ইউরোপীয় আসরে হতাশাই সঙ্গী হয়েছে। ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো এত আগেভাগে বিদায় নিয়েছে সিটি, রিয়াল মাদ্রিদের কাছে হেরে। ফেব্রুয়ারিতে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়া এবং মার্চে ফরেস্টের কাছে পরাজয় তাদের ধাক্কা দেয় আরও।
ম্যাচ শেষে মিডফিল্ডার মাতেও কোভাচিচও স্বীকার করেছেন, 'এই মৌসুম আমাদের প্রত্যাশামতো কাটেনি। তবে আমরা নিজেদের ফিরে পেয়েছি, এখন সবাই পুরোপুরি মনোযোগী। আবারও আমরা শক্তিশালী হয়ে উঠেছি।'
অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্ট কোচ নুনো এস্পিরিতো সান্তো পরাজয় মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার কথায়, 'শুরুটা খারাপ হয়েছে, দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি। তবে এখনও আমাদের সামনে বড় সুযোগ আছে। লিগে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করবো।'
আগামী বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্ট। জয় পেলে আবারও তারা উঠে আসবে লিগের তৃতীয় স্থানে।
ফরেস্ট মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট বলেন, 'এখন সামনে তাকাতে হবে। পাঁচটি ফাইনাল অপেক্ষা করছে, যেখানে আমরা সর্বশক্তি দিয়ে লড়ব।'