মাদারীপুরে অভিভাবকের কাছে মারধরের বিচার চেয়ে নালিশ করার জেরে ঢাকা পোস্টের সাংবাদিকের ভাই রুবেল মুন্সীকে (৩৩) কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজৈরের পূর্ব স্বরমঙ্গল হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুবেল পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে ও ঢাকা পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেলের ভাই।
এ ঘটনায় সোমবার বিকেলে চাচা শাহীন মুন্সী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রাজৈর থানায় একটা এজাহার দায়ের করেন।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, কয়েকদিন আগে রাজৈরের হৃদয়নন্দী গ্রামে মিল্কভিটার পেছনে একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিলেন সাংবাদিক আকাশের চাচাতো ভাই ও মামলার বাদী শাহীনের ছেলে তামিম মুন্সী (১৬)। এ সময় পূর্ব স্বরমঙ্গল গ্রামের ফায়েক ফকিরের ছেলে সিয়াম ফকির (১৯) ও তার দলবল নিয়ে মাদক সেবনের জন্য তামিমকে বাগান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তামিমকে মারধর করে পালিয়ে যান সিয়াম ও তার লোকজন। ঘটনাটি তামিম তার বাবা শাহীনকে জানায়। পরে তিনি সিয়ামের অভিভাবকের কাছে নালিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়াম তার দলবল নিয়ে তামিমের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তাদের মারধর ও কুপিয়ে জখম করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।