কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় বাদশা ফাহিম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ভোরে আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে তার ফুফুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাহিমের বিরুদ্ধে ওই হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া আগের আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান ফাহিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।