খুলনায় গাছ থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রূপসা উপজেলার আইচগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই উপজেলার জাবুসা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আইচগাতি এলাকার বাসিন্দা সোহাগ বলেন, সোমবার বঙ্গবন্ধু কলেজের পেছনে আইচগাতি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ জন্য এলাকার বিভিন্নস্থানে মাইক সংযোগের কাজ চলছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে আরিফ বঙ্গবন্ধু কলেজের পেছনে একটি গাছে উঠে মাইকের সংযোগ দিচ্ছিলেন । এর মধ্যে দমকা হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দের ভয়ে তিনি গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। খুমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ওয়াজ মাহফিলের মাইক সংযোগের কাজ করছিল আরিফ। বজ্রপাতের শব্দ শুনে গাছ থেকে পড়ে তিনি মারা যান। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।