সাবেক এমপি এনামুলের ব্যাংক হিসাবে ২২৩৯ কোটি লেনদেন

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এনামুল হকের ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানকালে তার ১৮ কোটি ৮ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপাজন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

এ ছাড়া অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে একটি মামলা করা হয়। গতকাল সোমবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।