কারাগারে হাজতিকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা পৌঁছাতে গিয়ে ধরা পড়েছেন কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। কামাল কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার এলাকার বাসিন্দা।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কামাল হোসেন এক বন্দির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর কামালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, কারাগারে দর্শনার্থী সেজে মাদক সরবরাহের ঘটনা এটাই প্রথম নয়। এ কারণে কারা ফটকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।