পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ জিপ

বাংলাদেশ পুলিশের যানবাহন সমস্যার সমাধানের জন্য ২০০টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জিপ গাড়ি কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এসব পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সারা দেশের ৪৬০টি থানাসহ বিভিন্ন পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান ও তৎপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনায় দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানায় এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের কারণে বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক যানবাহন ভস্মীভূত হয়। ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশ পুলিশের জন্য পিকআপ কেনা প্রয়োজন।

এ অবস্থায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ-২০০৬ এর ৬৮ (১) ও পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২) অনুযায়ী বাংলাদেশ পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনার নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব করা হলে তাতে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতিটি পিকআপের একক মূল্য ৮৬ লাখ টাকা হিসেবে ২০০টি পিকআপ ক্রয়ে ব্যয় হবে ১৭২ কোটি টাকা।