ছাত্র-জনতার আন্দোলন কেন্দ্রীক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।
কদমতলী থানার এক মামলায় মামুন, আনিসুল, সালমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, যাত্রাবাড়ী থানার ছয় মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় মামুন, বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।