কাশ্মীরের হামলা কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবেÑ সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদি। পরে গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা নিরাপত্তা কমিটি (সিসিএস), অর্থনৈতিক (সিসিইএ) ও রাজনৈতিক (সিসিপিএ)-বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদে আনা হয়েছে আমূল পরিবর্তন। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অলোক জোশিকে উপদেষ্টা পরিষদের শীর্ষে রাখা হয়েছে।
এদিকে ভারতের সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তানও। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না। কোনো আঘাত এলে তার জবাব দেওয়া হবে। সেই সঙ্গে ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে। উত্তেজনা নিরসনে গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন তিনি। দুই দেশের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সীমান্তে গোলাগুলি : টানা ষষ্ঠ দিনের মতো ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বিভিন্ন সেক্টরে এ গোলাগুলি চলে। এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পারগাওয়াল, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। ভারতও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।
ভারতের সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ : ভারতের সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দিভেদি, বিমানপ্রধান এয়ার মার্শাল এপি সিং এবং নৌপ্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠির সঙ্গে বৈঠকে মোদি এ নির্দেশ দেন। বৈঠকে সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবেÑ এ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা আছে।
মন্ত্রিসভার ৩ কমিটির সঙ্গে মোদির জরুরি বৈঠক : বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা নিরাপত্তা কমিটি (সিসিএস), অর্থনৈতিক (সিসিইএ) ও রাজনৈতিক (সিসিপিএ)-বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকগুলোয় পেহেলগামের ঘটনার পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ অন্য সদস্যরা।
উপদেষ্টা পরিষদে পরিবর্তন : জম্মু ও কাশ্মীরে হামলার জেরে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ ঢেলে সাজালো ভারতের নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অলোক জোশিকে উপদেষ্টা পরিষদের শীর্ষে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে সাত বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পরিষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা ও আইপিএস অফিসাররা রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন সাবেক কূটনীতিক বি ভেঙ্কটেশ বর্মা। ভারতীয় বিমানবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান এয়ার মার্শাল পিএম সিংহ, সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল এ কে সিংহ এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নার রয়েছেন উপদেষ্টা পরিষদে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বাধীন ‘জাতীয় নিরাপত্তা পরিষদ’ সুরক্ষাসংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে। অলোকের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করে দোভালের কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
পাকিস্তান প্রথমে আক্রমণ করবে না : পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সাম্প্রতিক উত্তেজনার জেরে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে যদি এ আশঙ্কা সত্য হয়, সে ক্ষেত্রে প্রথম আঘাত পাকিস্তান করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পার্লামেন্ট সিনেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দানা বেঁধে উঠতে থাকায় উদ্বেগ বোধ করছে আন্তর্জাতিক বিশ্ব। চলমান এ পরিস্থিতিতে প্রথম হামলা কখনো পাকিস্তানের পক্ষ থেকে হবে না। তবে কোনো আঘাত এলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
জাতিসংঘ প্রধান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ : দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক থেকে ইউএন নিউজ জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। ফোনালাপের সময় জাতিসংঘ প্রধান গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতি আবারও তীব্র নিন্দা জানান এবং আইনি উপায়ে এ হামলার জন্য ন্যায়বিচার ও জবাবদিহি অর্জনের গুরুত্ব উল্লেখ করেন। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন।