বিগত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট অ্যাডহক চিকিৎসকরা বিসিএস চিকিৎসকদের পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে বিসিএস চিকিৎসকরা অভিযোগ করেছেন। তারা বলছেন, অ্যাডহকে নিয়োগ পাওয়ার পর ক্যাডারভুক্ত হওয়া চিকিৎসকরা ষড়যন্ত্র করছেন।
গতকাল বুধবার রাজধানীর পুরাতন হাইকোর্ট গেটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিসিএস চিকিৎসকরা এ অভিযোগ করেন। এ সময় চিকিৎসকরা অতিদ্রুত তাদের পদোন্নতির দাবি জানান।
অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের হুঁশিয়ার করে ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের যাবতীয় অর্থনৈতিক সুবিধা ও পদোন্নতিও অবৈধ। সুতরাং যাদের নিয়োগ-পদোন্নতি অবৈধ ও রাজনৈতিক বিবেচনায়, তারা কোনোভাবেই স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতি ঠেকাতে কোনো ধরনের কোনো দুঃসাহস দেখাবেন না। বিএইচএফ সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল বলেন, বিসিএস (গাইনি) ২১ ব্যাচের অনেক কর্মকর্তা ২২ বছর চাকরিকাল অতিক্রম হলেও সব যোগ্যতার শর্ত পূরণ হওয়া সত্ত্বেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাননি।