সময়ের আগেই সব দেনামুক্ত পেট্রোবাংলা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ৮ মাসে দেশীয় গ্যাস, এলএনজি আমদানি এবং আইটিএফসি থেকে নেওয়া ঋণের সুদ বাবদ ১,৪৪৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭,৮৫৮ কোটি টাকা) পরিশোধ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এরমধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া বকেয়া ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন ডলার (প্রায় ৮,৭০২ কোটি টাকা)। নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩০ জুনের দুই মাস আগেই গতকাল বুধবারের মধ্যে এসব দেনা পরিশোধ করা হয়েছে। বর্তমানে গ্যাস খাতে সরকারের আর কোনো মেয়াদোত্তীর্ণ দেনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।

প্রতিষ্ঠানটি জানায়, পেট্রোবাংলা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের ঋণের সুদসহ পুঞ্জীভূত দেনা পরিশোধ করা হয়েছে।

পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় দেনা ছিল ৭৩৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। এরপর বকেয়াসহ এ পর্যন্ত ৩ হাজার ৭৩৯ দশমিক ৯৫ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।