একটা শিশুও যদি টিকা থেকে বাদ পড়ে, তাহলে তা দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, দেশের নাগরিকের টিকা নিশ্চিতে সরকারের সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। অর্থ, জনবল এবং অন্য যা দরকার, সবই সরকার করবে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ-সংক্রান্ত জাতীয় পর্যায়ের সভা’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ সহকারী এ কথা বলেন। ইপিআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, ইপিআই সরকারের সফল উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। গত ৪৫ বছরে টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন হয়েছে। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং গ্যাভী সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ।