ম্যাচের ৩০ সেকেন্ড থেকে গোলের শুরু, এরপর থেকেই দুই দলে শুরু হয় তীব্র লড়াই। জোড়া গোলে পিছিয়ে পড়ে ফের ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। তবে তাদের জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
বুধবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে মার্কাস থুরাম ইন্টারকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে তাদের অন্য দুই গোল করেন ডেনজেল ডামফ্রিস। বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল। এরপর দলটিকে সমতায় ফেরান ফেররান তরেস। অন্য গোলটি হয়েছে ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী গোলের সৌজন্যে, যাতে রাফিনহার বড় অবদান আছে।
ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের তিন দিন পরই এই লড়াইয়ে নামে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে এখানে আসা ইন্টার ম্যাচ শুরু হতে না হতেই স্তব্ধ করে দেয় বার্সেলোনা সমর্থকদের। ২০তম মিনিটে আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। কর্নারে এক সতীর্থের হেডে কাছ থেকে দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস।
দুই গোলে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ৪ মিনিট পরই চোখধাঁধানো গোলে ব্যবধান কমান ইয়ামাল। ডান দিকে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে গোল করেন এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গোল করলেন ইয়ামাল (১৭ বছর ২৯১ দিন)।
৩৮তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। পেদ্রির ক্রসে হেডে ছয় গজ বক্সে বল দেন রাফিনহা, জালে পাঠাতে ভুল করেননি তরেস। ৪২তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কোপা দেল রের ফাইনালে জয়সূচক গোল করা কুন্দে। ৭৫তম মিনিটে হেনরিখ মাখিতারিয়ান বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। আগামী মঙ্গলবার ইন্টারের মাঠে হবে ফিরতি লেগের ম্যাচ।