মে দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার চালু রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, বৃহস্পতিবার মহান মে দিবস। এ কারণে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মহান মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ নেই। পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।