ভারতে ‘ব্লক’ একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানও তার মিত্র চীন, সৌদি আরব, ইরান ও মিসরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এদিকে, কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে ভারত। যার রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা। এ ছাড়াও বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

তবে ভারতেও পাকিস্তানি তারকাদের বড়সংখ্যক ভক্তমহল রয়েছে। তাদের ইনস্টাগ্রামে অনুসারীদের একটা বড় অংশ রয়েছে ভারতীয়। কিন্তু এবার সেটিতে ভাটা পড়ছে কারণ, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ  এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (১ এপ্রিল) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে। 

কাশ্মীরের ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের তারকারা ভারতীয় কোনো নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ, আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি। 

পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়। সুপ্রিম রায়ে শাপমোচন ঘটলেও সেখানে আর সেভাবে দেখা যায়নি তাদের।