শিবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। 

জানা যায়, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান,  সাঁতার না জানার ফলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।