ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির জেরুজালেমের আশেপাশের এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শহরের দিকেও এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বুধবার জেরুজালেমেরআশেপাশের এলাকায় দাবানলের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তৎপর হলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে শতাধিক বেসামরিক লোকের জীবন হুমকির মুখে।
এমডিএ বলছে, এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুসহ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট ও পোড়া জখম নিয়ে হাসপাতালে রয়েছেন।
নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, পশ্চিমা বাতাস আগুন সহজেই জেরুজালেমের উপকণ্ঠে— এমনকি শহরের ভেতরেও পৌঁছে দিতে পারে। যতটা সম্ভব অগ্নিনির্বাপক যান মোতায়েন করতে হবে এবং বর্তমান অগ্নিসীমার বাইরেও প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আমরা এখন শুধু স্থানীয় নয়, জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি।
পুলিশ জেরুজালেম-তেল আবিবসড়ক বন্ধ করে দিয়েছে এবং এই রুটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিকালের দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অনেক চালক গাড়ি ফেলে আগুন থেকে পালিয়ে যান। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বসতিগুলো খালি করা হয়েছে।
গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার মতো কাছাকাছি দেশগুলোর সঙ্গে সহায়তার জন্য যোগাযোগ করেছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান শিগগিরই দাবানল মোকাবিলায় সহায়তা করতে আসবে।