আশুলিয়ায় রং মিস্ত্রিকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে তাজুল ইসলাম নামে এক রং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহতের স্ত্রী জানান, তার স্বামী পেশায় রং মিস্ত্রি এবং তিনি একজন পোশাক শ্রমিক। তারা আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকার সরবেশ মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। বুধবার (৩০ এপ্রিল) রাতে তার স্বামী বাড়ির গেটের বাহিরে আসলে পূর্ব শত্রুতার জেরে আসিফ তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় স্থানীয়রা হামলাকারীকে আটক করতে চাইলে আরও ৪ জনকে ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা একজোট হয়ে অভিযুক্ত আসিফকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।