প্রায় চার মাস পর আগামী রবিবার (৫ মে) দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন।
এবিএম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।
শারীরিক দিক থেকে বিএনপি চেয়ারপারসন অনেক ভালো আছেন বলেও জানান তিনি।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।