ফিলিপাইনে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বাস। এতে ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ম্যানিলার উত্তরে সুবিক-ক্লার্ক-তারলাক এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স
তারলাক প্রাদেশিক পুলিশ অফিসের প্রধানের বরাতে দিয়ে জিএমএ নিউজ জানিয়েছে, সলিড নর্থ বাস ট্রানজিট ইনকর্পোরেটেডের মালিকানাধীন বাসটির চালক গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। এতে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসসহ পাঁচটি গাড়ি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পরিবহন সচিব ভিন্স ডিজন সলিড নর্থের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন, তার অফিস ফেসবুকে এ ঘোষণা করেছে।
এদিকে রেডক্রস জানিয়েছে, তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।
ফিলিপাইনে সড়ক দুর্ঘটনা একটি প্রচলিত ও গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। সেখানে চালকদের ক্লান্তি, যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব এবং হাইওয়েগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।
সর্বশেষ এই ঘটনায় নতুন করে উঠেছে চালক প্রশিক্ষণ ও দীর্ঘদূরত্বের যাত্রায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রসঙ্গ।