বাংলাদেশ পুলিশের বিশেষ সম্মাননার স্মারক আইজি ব্যাজ পেলেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মোঃ ঈসা ফয়সাল। ফুটবলারের পাশাপাশি তার আরেক পরিচয় পুলিশের কনস্টেবল। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জাতীয় ফুটবলার ঈসাকে এই ব্যাজ পরিয়ে দেন।
চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তাকে আইজি ব্যাজ প্রদান করা হয়। পরে উচ্ছ্বসিত ঈসা বলেছেন, ‘আমি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি। সেবা, বিশেষ কীর্তি, রাষ্ট্রীয় অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। আমার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং দেশের জন্য অবদানও রাখা হয়েছে।’
কনস্টেবল হলেও বছরের বেশিরভাগ সময় ঈসা ফুটবল নিয়েই ব্যস্ত থাকেন। জানালেন, বিশেষ সময় ছাড়া পুলিশের ডিউটি করতে হয় না, ‘বাংলাদেশ পুলিশ দল প্রিমিয়ার লিগ খেলে। সেখানে আমরা প্রতিনিয়ত অনুশীলন করি। লিগের খেলা না থাকলে জাতীয় দলে ব্যস্ততা থাকে। ফুটবল খেলা ও অনুশীলনই মূলত করে থাকি। জাতীয় নির্বাচন বা বিশেষ পরিস্থিতিতে অবশ্য পুলিশের দায়িত্বও পালন করি।’
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল রাজারবাগ পুলিশ লাইনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার। বাংলাদেশ পুলিশ তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।