অপারেশন ‘টাইডাল ওয়েভ’

এক সপ্তাহে ফ্লোরিডায় ১ হাজার ১২০ অবৈধ অভিবাসী আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সপ্তাহব্যাপী যৌথ অভিযানে ১ হাজার ১২০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ। গত ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত এই অভিযান ‘অপারেশন টাইডাল ওয়েভ’ নামে পরিচিত।

অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) জানায়, গ্রেফতারদের মধ্যে শত শত ব্যক্তি গুয়াতেমালা, মেক্সিকো ও হন্ডুরাসের নাগরিক। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিদেশি গ্যাং সদস্য হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আইসিই আরও জানায়, ধৃতদের মধ্যে ৩৭৮ জনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিবাসন বিচারকের দেওয়া চূড়ান্ত বহিষ্কারের আদেশ রয়েছে। বাকিরা এখন সংস্থাটির হেফাজতে আছেন এবং কেউ কেউ অভিবাসন আদালতে শুনানির অপেক্ষায়, আবার অনেকে বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন।

ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস (রিপাবলিকান) এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছি। ২০২৪ সালের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভ্যন্তরীণ অভিযানে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, অভিযানে অংশ নেয় ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল’ এনফোর্সমেন্ট, হাইওয়ে প্যাট্রোল, ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কমিশন, ন্যাশনাল গার্ড এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। এ ছাড়া ফেডারেল পর্যায়ে আইসিই, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), অ্যালকোহল-তামাক-অস্ত্র নিয়ন্ত্রণ ব্যুরো (এটিএফ) ও ইউএস মার্শাল সার্ভিস অভিযানে সহায়তা করেছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই অভিযান পরিচালিত হয়েছে।

আইসিই-এর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান বলেন, ‘গত সপ্তাহে ১,১০০-র বেশি অপরাধী অবৈধ অভিবাসীকে গ্রেফতারের এই সফলতা পুরোপুরি একটি যৌথ সরকারি উদ্যোগের ফসল, যেখানে ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একত্রে কাজ করেছে।’

তিনি আরও জানান, এই অভিযানকে তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরতে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।