মাদ্রাসাছাত্র জনিকে ‘জ্বীন’ বিষ খাইয়েছে, দাবি বড় হুজুরের 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আশিকুল ইসলাম জনি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। নিহত জনি উপজেলার বেজুড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সুলতানপুর আবু বকর (রাঃ) হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

জনির বাবা মিজানুর রহমান জানান, ২৩ এপ্রিল সকালে হঠাৎ ব্যথায় ছটফট করতে শুরু করে জনি। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর অবস্থার অবনতি হলে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল মৃত্যু হয় জনির। পরদিন ৩০ এপ্রিল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছেলের মৃত্যুর জন্য মাদ্রাসার বড় হুজুর হাফেজ আল আমিনকে দায়ী করেছেন মিজানুর রহমান। তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন। একটি সূত্র জানায়, আল আমিন ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে জনির পরিবারকে বোঝানোর চেষ্টা করেন যে দুষ্ট জ্বীনের মাধ্যমে জনিকে বিষ খাওয়ানো হয়েছে। পরিবার বলছে, জনি বাড়িতে এলেই মাদ্রাসায় ফিরতে চাইত না এবং বলত, ‘বড় হুজুর ভালো লোক না।’

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক হাফেজ আল আমিন দাবি করেন, জনির অসুস্থতার খবর পেয়ে মাদ্রাসা থেকে তাকে বাড়িতে পাঠানো হয়। জিজ্ঞেস করলে জনি মাথা ব্যথার কথা জানিয়েছিল। তিনি বলেন, ‘জনির বাবা মিথ্যা অভিযোগ করছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে।’

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’