আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং দলটির বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়। কিন্তু এখনো এই দলের ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ আমরা বারবার বলেছি, এই দলের রাজনীতি নিষিদ্ধ করে তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’
তিনি বলেন, ‘গত দেড় দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। এই সময়ে সংঘটিত হয়েছে একাধিক গণহত্যা, গুম, খুন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ক্রসফায়ার। এ সব ঘটনার বিচার চেয়ে দেশজুড়ে যে গণঅভ্যুত্থান ঘটেছে, তা ছিল স্বতঃস্ফূর্ত এবং অনিবার্য।’
নাহিদ ইসলাম জানান, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। শুধু দল নয়, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন—বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইতোমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, বাকি সংগঠনগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ জরুরি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নেই রাজপথে নামছি।’
এ সময় তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।