ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুপক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ মে) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. রফিকুল ইসলাম ভূঁইয়া (৫০) ও তার ছেলে হিমেল মিয়াসহ (২২) কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে রফিকুল ইসলাম ভূঁইয়ার অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার দিন রাতেই আহত রফিকুল ইসলামের ভাই মো. আনিছুল হক ভূঁইয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. লাল মিয়া (৫৫), মো. সোহাগ মিয়া (২৬), সাব্বির আহম্মেদ মাসুম (২২), মো. লিমন আহম্মেদ (১৭), মো. সুমন মিয়া (১৫), মো. আনারুল হক (৪২), মোর্শেদুল আলম (৩৫), মো. শাহজাহান আলী (৫০), মজিবুর রহমান (৪৫), মোজাম্মেল হক (২৮)। তারা সকলেই পাড়া ডাংরী গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে প্রথমে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আসামিদের গ্রেপ্তারপূর্বক উদ্ধার করে নিয়ে আসার মত পরিস্থিতি না থাকায় সেনাবাহিনীকে আসার জন্য বলা হয়। পরবর্তীতে যৌথ অভিযানের মাধ্যমে ১০ জনকে গ্রেপ্তার এবং অনেক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।