ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া (২৫) নামে এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলা ইউনিয়নের আশ্রবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল খায়ের ফকির।
তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তাইজুল চতুর্থ।
নিহতের পরিবার ও তার সতীর্থদের সূত্রে জানা গেছে, তাইজুল উপজেলার আব্দুল হালিম ফুটবল একাডেমির একজন মিডফিল্ডার হিসেবে খেলতেন। পেশাদার ফুটবলার হিসেবে ময়মনসিংহ জেলা মোহামেডান ফুটবল ক্লাবে খেলেও আলো ছড়িয়েছে তাইজুল।
তাইজুলের বড় ভাই নজরুল ইসলাম জানান, শুক্রবার বাড়ির পাশে বোরোধান ক্ষেত থেকে বস্তাভর্তী ধান মাথায় নিয়ে আসছিল তাইজুল। পথে অরক্ষিত বিদ্যুতের তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাইজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তাইজুলের ফুটবল ক্লাব আব্দুল হালিম একাডেমির পরিচালক আহাদ হোসেন সানজিদ বলেন, তাইজুল একজন উদীয়মান তরুণ ফুটবলার ছিল। সে ক্লাবকে অনেক জয় এনে দিয়েছিল। তাইজুলের অভাব অপূরণীয়।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের কেনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।