দাউদকান্দিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পেন্নাই-মতলব সড়কের দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মো. রায়হান ওরফে রিহান (১৮) মারা যায়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের বাবু সরকারের ছেলে।
এছাড়া একই এলাকার আহত মোটরসাইকেল চালক মো. সায়েমকে (২০) উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ অবগত রয়েছে।