ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে বয়স বাড়ালে ধরবে এআই

ছোট-বড় সবার হাতেই স্মার্টফোন। শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক আগ্রহ। তবে অনেকেই আঠারো পেরোনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রাম, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফেলে। এই সমস্যা সমাধানে এবার ইনস্টাগ্রামের হাতিয়ার অও।

ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে বিভিন্নরকম ছবি-ভিডিও, যা শিশুমনে অন্যরকম প্রভাব ফেলতেই পারে। সে কারণেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমা রয়েছে। ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খোলে। সেই সমস্যা সমাধানে আগেই একটা ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট খোলার আগে প্রমাণ হিসেবে দিতে হচ্ছিল বয়সের নথি। বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের রাশ চলে যায় অভিভাবকদের হাতে। এ ছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে হয় অপ্রাপ্তবয়স্কদের।

কিন্তু ইতিমধ্যেই যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তাদের কী হবে? জানা যাচ্ছে, এবার এআই বেছে নেবে কোন অ্যাকাউন্টগুলো ভুল বয়স দিয়ে খোলা। সেগুলো নিজে থেকেই ‘টিন’ অ্যাকউন্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাকাউন্টটির সেটিংস হয়ে যাবে অন্যরকম। অ্যাক্সেস চলে যাবে অভিভাবকদের কাছেও, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।