বইয়ের মোড়ক উন্মোচন

ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপন

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট এবং অল্টারনেটিভ চিকিৎসক ডা. মুজিবুর রহমানের লেখা বই ‘ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’-এর মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, ‘আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।’

তিনি আরও বলেন, তার লেখা এ বইটিতে ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তব জীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি তার এ বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।

ডা. রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।