মানবিক করিডর ইস্যুতে সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না। এ ধরনের সিদ্ধান্ত নিতে সরকারকে আরও সময় নিয়ে ভেবে দেখা উচিত ছিল।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সীমা প্রত্যাশা করলেও এখনো পর্যন্ত কোনো নির্ধারিত তারিখ দেওয়া হয়নি। এতে রাজনৈতিক অস্থিরতা ও নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে।’
নাগরিক ঐক্যের এই নেতা বলেন, ‘খুব সাধারণ বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে। অথচ নির্বাচন নিয়ে, যা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে কোনো আলোচনাই হচ্ছে না। এটা দুঃখজনক।’
মানবিক করিডর নিয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, ‘এ বিষয়ে সরকারের এত তাড়া ছিল কেন? আমরা চাই না বাংলাদেশ কোনো আন্তর্জাতিক শক্তির সংঘাতে জড়িয়ে পড়–ক।’
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানালেন নাহিদ ইসলাম : আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে তারা আর এই দেশে রাজনীতি করার সুযোগ পাবে না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।