গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর ভারত ও পাকিস্তান উভয় পক্ষ থেকেই বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এবার পাকিস্তানকে দেওয়া ঋণ পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তান সরকারের এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ পেয়েছিল। চলতি বছরের মার্চে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য নতুন করে ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদিত হয়।
প্যাকেজটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ বলছে, এ সহায়তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক এবং এটি ডিফল্ট হওয়ার ঝুঁকি থেকে দেশকে বাঁচিয়েছে।
এদিকে পাকিস্তান সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঋণ নিয়ে আইএমএফের কাছে উদ্বেগ প্রকাশ করে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে ভারত। তবে এমন অভিযোগের বিষয়ে আইএমএফ ও ভারতের অর্থ মন্ত্রণালয় মন্তব্যের তাৎক্ষণিক কোনো জবাব পায়নি রয়টার্স।
পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ বলেছেন, আইএমএফ কর্মসূচিটি ‘সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছে’। তিনি রয়টার্সকে বলেন, আমরা প্রায় ৭০টি বৈঠক করেছি। অর্থনীতির ঘুরে দাঁড়াতে শুরু করায় পাকিস্তানে বিনিয়োগ ও সহায়তার আগ্রহ অনেক বেশি। সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছি।