স্ত্রীর জন্মদিনে অন্য নায়িকাকে ‘লাভ রিঅ্যাক্ট’: মুখ খুললেন কোহলি

আইপিএলের মাঝেই ভিন্ন এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন বিরাট কোহলি। গত বৃহস্পতিবার ছিল কোহলির সহধর্মীনি তথা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন কোহলি। সেদিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে তিনি লাভ রিঅ্যাক্ট দেন, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

অবনীত কৌরের ফ্যানপেইজে ছবিটি পোস্ট করা হয়েছিল। অনেকে কোহলির রিঅ্যাক্ট করা পোস্টে আনুশকাকে ট্যাগ করে দেন। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার ব্যাখ্যা দিতে বাধ্য হলেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদমের কারণে ভুলক্রমে এটা হয়েছে। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সবার প্রতি অনুরোধ, এ বিষয়ে অকারণে আলোচনা বন্ধ করুন। বিষটি বোঝার জন্য ধন্যবাদ।’

ভারতের ব্যাটিং কিং বোঝাতে চেয়েছেন, স্ত্রীর জন্মদিনে অন্য অভিনেত্রীর ছবিতে ইচ্ছা করে তিনি লাভ রিঅ্যাক্ট দেননি। অসাবধানতাবশত এমনটা হয়েছে। কোহলির ব্যাখ্যা অবশ্য অনেককে সন্তুষ্ট করতে পারেনি। তারা বিষ্ময় প্রকাশ করে বলেছেন, অ্যালগোরিদম বেছে বেছে কি অবনীতের ছবিই খুঁজে পেল? সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন কোহলি। অথচ আইপিএলের মাঝে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে।